বর্ষায় শাক খেতে মানতে হবে যেসব সতর্কতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম
ছবি : সংগৃহীত
শাকসবজি পুষ্টিগুণে ভরপুর হলেও বর্ষাকালে শাক খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। বৃষ্টি, কাদা ও আর্দ্র পরিবেশের কারণে এ সময় শাকপাতায় জীবাণু, পরজীবী ও ময়লা জমার ঝুঁকি বেড়ে যায়। সঠিকভাবে পরিষ্কার না করে শাক খেলে ডায়রিয়া, ফুড পয়জনিং, বমি ও পেটের নানা সমস্যার আশঙ্কা তৈরি হতে পারে।
কেন বর্ষায় শাক খাওয়ায় সতর্কতা জরুরি?
বর্ষাকালে অধিকাংশ শাক মাটির সংস্পর্শে থাকে এবং বৃষ্টির পানি ও কাদায় সহজেই দূষিত হয়ে পড়ে। এ কারণে শাকে ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর জীবাণুর উপস্থিতি বেড়ে যেতে পারে। তবে এজন্য শাক খাওয়া পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই বরং সঠিকভাবে পরিষ্কার ও রান্না করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কীভাবে পরিষ্কার করবেন শাক?
শাক রান্নার আগে প্রথমে দুই থেকে তিনবার পরিষ্কার পানিতে ধুয়ে নিন। পচা বা নষ্ট পাতা আলাদা করে ফেলে দিন। এরপর একটি পাত্রে পানি নিয়ে তাতে এক চামচ লবণ মিশিয়ে পাঁচ মিনিট শাক ভিজিয়ে রাখুন। এতে কাদা-মাটি ও কিছু জীবাণু আলাদা হয়ে নিচে জমে যাবে। পরে শাক তুলে আবার পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন।
আরো পড়ুন : সকালে খালি পেটে জিরা পানি পানে যেসব উপকারিতা পাবেন
রান্নার সময় যা খেয়াল রাখবেন
বর্ষাকালে শাক অল্প তেল ও কম মসলায় রান্না করাই ভালো। রান্নার আগে শাক কিছুক্ষণ গরম পানিতে ভাপিয়ে সেই পানি ফেলে দিলে দূষণের ঝুঁকি আরো কমে। এরপর বরফঠান্ডা পানিতে ডুবিয়ে নিয়ে রান্না করলে শাকের রং ও পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকে।
কোন শাক এড়িয়ে চলবেন?
বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে নটে শাক, পালং শাক, কলমি শাক ও মেথি শাক খাওয়ার ক্ষেত্রে বেশি সতর্ক থাকা উচিত। এসব শাক সাধারণত মাটির খুব কাছাকাছি জন্মায় এবং দীর্ঘ সময় কাদা-পানির সংস্পর্শে থাকে।
অন্যদিকে লাউ শাক, পুঁই শাক ও কুমড়ো শাক তুলনামূলক নিরাপদ বলে মনে করা হয়। তবে যে শাকই খাওয়া হোক না কেন, তা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
