বিশ্বকাপ থেকে ইরান বাদ, ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে ইরানের বিদায়কে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি বোস্টনের একটি ফেডারেল আদালতে এ মামলা করেন।
মামলায় দাবি করা হয়েছে, গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ইরানের অতিরিক্ত সময়ে করা একটি গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার মাধ্যমে বিতর্কিতভাবে বাতিল করা হয়। এর ফলে দলটি জয়ের সুযোগ হারায় এবং নকআউট পর্বে ওঠা থেকে বঞ্চিত হয়।
ম্যাচের অতিরিক্ত সময়ে শোজা খলিলজাদেহর করা গোলটি ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল করা হয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় ইরানের শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, পুরো টুর্নামেন্টে ফিফা ইরানের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে এবং দলটির জন্য সমান ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে পারেনি। তবে ফিফার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
