কেন নরওয়ের বিপক্ষে আজও জয়হীন ব্রাজিল?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: সংগৃহীত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে নরওয়ে বিশ্বকাপ খেলেছে মাত্র চারবার। কাগজে-কলমে দুই দলের শক্তির ব্যবধান আকাশ-পাতাল। কিন্তু পরিসংখ্যান বলছে একেবারে ভিন্ন গল্প। অবিশ্বাস্য হলেও সত্য, আন্তর্জাতিক ফুটবোলে নরওয়ের বিপক্ষে এখনও কোনো ম্যাচ জিততে পারেনি ব্রাজিল।
এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি ড্র হয়েছে। ফলে আজকের শেষ ষোলোর লড়াইয়ে শুধু পরের ধাপে ওঠাই নয়, দীর্ঘদিনের এক অস্বস্তিকর রেকর্ড ভাঙার লক্ষ্যও থাকবে ব্রাজিলের সামনে।
ব্রাজিল-নরওয়ে লড়াইয়ের ইতিহাস শুরু হয় ১৯৮৮ সালে। অসলোতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কার্লোস আলবার্তো সিলভার অধীনে খেলতে নামে ব্রাজিল। ম্যাচে প্রথমে রোমারিওর গোলে এগিয়ে যায় সেলেসাওরা। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
প্রায় নয় বছর পর আবারও অসলোতে মুখোমুখি হয় দুই দল। সে সময় মারিও জাগালোর অধীনে রোনালদো, রোমারিও, ডেনিলসনদের নিয়ে শক্তিশালী দল গড়েছিল ব্রাজিল। স্বাভাবিকভাবেই সহজ জয়ই প্রত্যাশা ছিল সবার।
কিন্তু মাঠের গল্প ছিল ভিন্ন। টোরে আন্দ্রে ফ্লোর জোড়া গোলের সঙ্গে ইয়াকবসেন ও ওস্টেনস্টাডের গোল মিলিয়ে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় নরওয়ে। ব্রাজিলের হয়ে গোল করেছিলেন রোমারিও ও ডেনিলসন।
দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয় ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। ২৩ জুন মার্সেইয়ের স্টেড ভেলোড্রোমে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিল আগেই নকআউট নিশ্চিত করেছিল। তবু রোনালদো, রিভালদো ও বেবেতোকে নিয়ে পূর্ণশক্তির দল নামান কোচ জাগালো।
৭৭ মিনিটে ডেনিলসনের ক্রস থেকে হেডে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন বেবেতো। কিন্তু ছয় মিনিট পরই টোরে আন্দ্রে ফ্লো সমতা ফেরান।এরপর ৮৯ মিনিটে নাটকীয় মোড় নেয় ম্যাচ। বক্সের মধ্যে জুনিয়র বাইয়ানোর ফাউলে পেনাল্টি পায় নরওয়ে। স্পট কিক থেকে কেতিল রেকডাল গোল করলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় নরওয়ের। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবেই ম্যাচটি আজও স্মরণীয়।
দুই দলের সর্বশেষ মুখোমুখি হওয়া ২০০৬ সালে। জার্মানি বিশ্বকাপের পর অন্তর্বর্তীকালীন কোচ দুঙ্গার অধীনে নতুন দল নিয়ে অসলো সফরে যায় ব্রাজিল।
ম্যাচে ড্যানিয়েল কারভালহো ব্রাজিলকে এগিয়ে দিলেও মর্টেন গ্যামস্ট পেডারসেনের গোলে ১-১ সমতা ফেরায় নরওয়ে। ফলে জয়হীনতার রেকর্ড আরও দীর্ঘ হয় ব্রাজিলের।
২০০৬ সালের পর দীর্ঘ ২০ বছর আর দেখা হয়নি দুই দলের। আজকের শেষ ষোলোর লড়াইয়ে তাই ব্রাজিলের সামনে দুটি চ্যালেঞ্জ—কোয়ার্টার ফাইনালে ওঠা এবং নরওয়ের বিপক্ষে প্রথম জয় তুলে নেওয়া। অন্যদিকে নরওয়ে চাইবে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত রেকর্ড অক্ষুণ্ন রাখতে।
