‘মেসির পাশে সবাই থাকে, রোনালদোর সঙ্গে পর্তুগাল নেই’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম
ফাইল ছবি
বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর স্বাভাবিকভাবেই আলোচনায় উঠছে ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্স। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েন রুনি।
তার মতে, আর্জেন্টিনা যেভাবে লিওনেল মেসিকে ঘিরে একাট্টা হয়ে খেলে, পর্তুগালের খেলোয়াড়দের মধ্যে রোনালদোকে ঘিরে সেই একই আবহ দেখা যায় না।
স্পেনের কাছে শেষ ষোলোতে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচ জুড়ে নিষ্প্রভ ছিলেন রোনালদো। পুরো ৯০ মিনিট খেলেও মাত্র ১৯ বার বল স্পর্শ করেন তিনি, গোলমুখে নিতে পারেন মাত্র তিনটি শট।
অথচ আগের রাউন্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়সূচক গোল করা গনসালো রামোসকে বেঞ্চেই বসিয়ে রাখেন কোচ।
বিশ্বকাপ শুরুর আগেই রোনালদো জানিয়ে দিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। টুর্নামেন্টে ৩টি গোল করলেও সেগুলোর দুটি এসেছে উজবেকিস্তানের বিপক্ষে, আর একটি ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে।
অন্যদিকে শিরোপাধারী আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে এরই মধ্যে ৪ ম্যাচে ৭ গোল করেছেন তিনি এবং দলের আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছেন।
স্পেনের বিপক্ষে পর্তুগালের পরাজয়ের পর বিবিসির ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে মেসি ও রোনালদোর প্রসঙ্গ তুলে ধরেন রুনি।
তিনি বলেন, রোনালদো ও মেসিকে সবসময়ই একসঙ্গে আলোচনা করা হয়, কারণ তারা ফুটবল ইতিহাসের সেরা দুই খেলোয়াড়ের একজন।
তিনি আরো বলেন, কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়দের দেখলে মনে হয়, তারা সবাই মেসির জন্য খেলছে, তার পাশে দাঁড়িয়ে আছে। মেসিও এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছে। পর্তুগালের খেলোয়াড়দের মধ্যে রোনালদোকে ঘিরে আমি সেই অনুভূতিটা পাই না।
রুনির এই মন্তব্যের মধ্য দিয়ে আবারও সামনে চলে এসেছে দীর্ঘদিনের দুই মহাতারকার তুলনা। তবে তার পর্যবেক্ষণে পার্থক্যটা ব্যক্তিগত পারফরম্যান্সে নয়, বরং দুই দলের সতীর্থদের মানসিকতা ও ঐক্যে।
