আর্জেন্টিনা ম্যাচের রেফারির বিরুদ্ধে অভিযোগ করলো মিশর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:০২ এএম
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায়ের পর রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলো মিশর। ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল ফেডারেশন।
মিশরের ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা এই অভিযোগে রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে তিনি ফিফার কাছে অনুরোধ জানিয়েছেন, লেতেক্সিয়ে ও তার রেফারিং দলকে যেন বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর দায়িত্ব না দেওয়া হয়।
ম্যাচে শুরুতে মিশর ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে ভর করে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচটিতে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে দুটি সিদ্ধান্ত। একটি হলো মিশরের গোল বাতিল করা, আর অন্যটি আর্জেন্টিনার তৃতীয় গোলের ঠিক আগে মিশরের পেনাল্টির আবেদন রেফারি কর্তৃক নাকচ হওয়া।
মিশরের অভিযোগ, ‘এই দুটি সিদ্ধান্তই ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। গোল বাতিল হওয়া ফরোয়ার্ড জিকো ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রেফারি ভালো ছিলেন না, তিনি আমাদের প্রতি অন্যায় করেছেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে ছিলেন। তিনি চাননি আমরা জিতি। এটি সাজানো ম্যাচ ছিলো।’
এর আগে, মিশরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারির কঠোর সমালোচনা করে ইঙ্গিত দেন, ‘তার ‘লুকানোর মতো কিছু থাকতে পারে।’
হাইভোল্টেজ এই ম্যাচে মিশরের হয়ে গোল দুটি করেন ইয়াসের ইব্রাহিম ও জিকো। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে জালের দেখা পান ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেজ। ম্যাচের শুরুতেই মেসি একটি পেনাল্টি মিস করে দলকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিলেও, পরবর্তীতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দলকে জয়ের বন্দরে নোঙর করান এই মহাতারকা।
বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এটি মিশরের ইতিহাসে সেরা বিশ্বকাপ অভিযান। এর আগে, ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপে তারা গ্রুপ পর্বই পেরোতে পারেনি। অন্যদিকে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।
