বিশ্বকাপ ফাইনালে দর্শকে ঠাসা নিউজার্সি স্টেডিয়াম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০২:২৭ এএম
ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে উৎসবের রঙে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সি। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচকে ঘিরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর এখন নিউজার্সি স্টেডিয়ামে।
ফাইনালের টিকিটের দাম ছিল আকাশছোঁয়া। সর্বনিম্ন মূল্যের টিকিটও বাংলাদেশের মুদ্রায় কয়েক লাখ টাকার সমান। তবুও ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের সব আসন পূর্ণ হয়ে যায়।
সকাল থেকেই হাজার হাজার সমর্থক স্টেডিয়ামের দিকে ভিড় জমান। আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিউইয়র্কের টাইমস স্কয়ার থেকে শুরু করে স্টেডিয়ামের আশপাশ -সবখানেই ছিল তাদের উচ্ছ্বাস। তবে স্পেনের সমর্থকরাও পিছিয়ে ছিলেন না। তারাও নিজেদের দলের সমর্থনে সরব ছিলেন।
গত কয়েক দিন নিউইয়র্কের আবহাওয়া নিয়ে শঙ্কা থাকলেও ফাইনালের দিন ছিল রৌদ্রোজ্জ্বল। স্থানীয় সময় বিকেল ৩টায় ম্যাচ শুরু হওয়ায় খেলোয়াড়দের গরম আবহাওয়ার মধ্যেই খেলতে হচ্ছে। স্টেডিয়ামে ছাদ না থাকায় দর্শকদেরও রোদের মধ্যেই খেলা উপভোগ করতে হচ্ছে।
এবারের বিশ্বকাপ ফাইনালকে আরও বর্ণিল করতে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ম্যাচ শুরুর আগে এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়া বিরতি ও ম্যাচ শেষে আরও দুটি পরিবেশনা রয়েছে।
ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত হন হলিউড তারকা টম ক্রুজও। এ সময় তিনি ফুটবলকে বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার শক্তিশালী একটি মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
