কুসংস্কারের কারণে মাঠে ফাইনাল দেখছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:০৪ এএম
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের ফাইনাল দেখতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের তারকা ও রাষ্ট্রপ্রধানরা। তবে গ্যালারিতে দেখা যায়নি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইকে। এর পেছনে রয়েছে তার একটি বিশেষ বিশ্বাস বা কুসংস্কার।
আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে প্রচলিত আছে, কোনো দল জয়ের ধারায় থাকলে সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগের অভ্যাস পরিবর্তন করা উচিত নয়। মাইলেইও বিশ্বকাপজুড়ে এই বিশ্বাস অনুসরণ করেছেন। আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ তিনি একই জায়গায় এবং একই ব্যক্তিদের সঙ্গে বসে দেখেছেন।
ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও সেই রুটিনে পরিবর্তন আনতে চাননি তিনি। তাই নিউইয়র্কে না গিয়ে বুয়েনস আইরেসের সরকারি বাসভবন কুইন্তা দে অলিভোস থেকেই টেলিভিশনে ফাইনাল দেখছেন মাইলেই। এ সময় তার সঙ্গে রয়েছেন ঘনিষ্ঠ উপদেষ্টা ও স্টাফ সদস্যরা।
আর্জেন্টিনার রাজনৈতিক অঙ্গনে ‘মুফা’ শব্দটি দুর্ভাগ্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। মাইলেইকে ঘিরেও এমন আশঙ্কার কথা আলোচনায় এসেছে। ধারণা করা হচ্ছে, মাঠে উপস্থিত হয়ে কোনো ধরনের অশুভ প্রভাব পড়তে পারে -এমন বিশ্বাস থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ২০২২ বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস স্টেডিয়ামে যাননি। একইভাবে ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন না দেশটির সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেস দে কির্শনার।
মাইলেইর বিশ্বাস, আগের ম্যাচগুলোর মতো একই পরিবেশে বসে খেলা দেখলে আর্জেন্টিনার জন্য সৌভাগ্য বয়ে আসতে পারে। সেই কারণেই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও তিনি নিজের পুরোনো রীতি ধরে রেখেছেন।
