হিব্রু ভাষায় পোস্ট করে তোপের মুখে রোনালদোর হবু স্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি : সংগৃহীত
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে হিব্রু ভাষায় একটি শব্দ ব্যবহার করায় নেটিজেনদের একাংশ তার সমালোচনা শুরু করেন।
জর্জিনা সম্প্রতি স্পেনের মায়োর্কা দ্বীপে পরিবারের সঙ্গে অবকাশযাপনের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি হিব্রু ভাষায় ‘সুস্থ’ অর্থবোধক একটি শব্দ লেখেন। আর এতেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
পোস্টটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই মন্তব্যের ঘর ভরে যায় প্রশ্ন ও সমালোচনায়। অনেকেই জানতে চান, কেন তিনি হিব্রু ভাষা ব্যবহার করেছেন। কেউ লেখেন, ‘তুমি তো ফিলিস্তিনের কথাও বলতে পারতে’, আবার কেউ প্রশ্ন তোলেন, ‘হিব্রু ভাষায় কেন?’ এমনকি কেউ কেউ জানতে চান, ‘রোনালদো কি ইসরায়েলে আছেন?’
অবশ্য রোনালদো ও জর্জিনার পারিবারিক ছুটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার ঘটনা নতুন নয়। কয়েক দিন আগে রোনালদো নিজের শৈশবের একটি ছবির পাশে ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের মায়োর্কার সমুদ্রসৈকতে তোলা একই ধরনের একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টটিও ব্যাপক ভাইরাল হয়েছিল এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
বিশ্লেষকদের মতে, জর্জিনার সাম্প্রতিক পোস্টকে ঘিরে বিতর্কের পেছনে ২০২৩ সালের একটি ঘটনারও প্রভাব রয়েছে। ওই বছরের ১১ অক্টোবর তিনি প্রথমে গাজার এক কিশোরীর ছবি সম্বলিত একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন, যা অনেকেই ফিলিস্তিনের প্রতি একপাক্ষিক সমর্থন হিসেবে ব্যাখ্যা করেন।
সমালোচনার মুখে পরে তিনি সেই স্টোরি মুছে দেন এবং নতুন একটি স্টোরি প্রকাশ করেন। সেখানে একদিকে আহত এক ইসরায়েলি শিশুর ছবি এবং অন্যদিকে গাজার একই কিশোরীর ছবি দিয়ে শান্তি ও মানবিকতার পক্ষে বার্তা দেন।
সাম্প্রতিক হিব্রু ভাষার ক্যাপশন ঘিরে নতুন করে শুরু হওয়া বিতর্কের বিষয়ে জর্জিনা বা ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
