রিয়ালে গেলে ব্যালন ডি’অর জিততেন নেইমার
দাবি সাবেক এজেন্টের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম
ফাইল ছবি
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। তবে ব্রাজিলিয়ান তারকার গন্তব্য হতে পারত বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। চুক্তির সবকিছু প্রায় চূড়ান্তও হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত নিজের পছন্দে বার্সেলোনাকে বেছে নেন নেইমার।
নেইমারের সাবেক এজেন্ট ওয়াগনার রিবেইরোর বিশ্বাস, সে সময় রিয়ালে যোগ দিলে ক্যারিয়ারে ব্যালন ডি’অরও জিততেন ব্রাজিলিয়ান তারকা।
জিই গ্লোবোকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে নেইমারের দলবদলের নেপথ্যের ঘটনা তুলে ধরেছেন রিবেইরো। তিনি জানান, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে প্রায় সব বিষয়ে সমঝোতা হয়েছিল। রিয়ালের আইনজীবীরাও তখন সাও পাওলোতে অবস্থান করছিলেন। চুক্তি সম্পন্ন করতে শুধু সান্তোসের অনুমোদন বাকি ছিল।
রিবেইরো নিজেও নেইমারকে রিয়ালে নিতে চেয়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি ছিল খেলোয়াড়ের। তার ভাষ্য অনুযায়ী, বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড় ফোন করে নেইমারকে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। বিপরীতে রিয়ালের কোনো খেলোয়াড় তার সঙ্গে যোগাযোগ করেননি। শুধু ফ্লোরেন্তিনো পেরেজ নিয়মিত নেইমারের বাবা ও রিবেইরোর সঙ্গে কথা বলেছিলেন।
শেষ পর্যন্ত নেইমার বার্সেলোনাকে বেছে নিলে তার সিদ্ধান্তকে সমর্থন করেন বাবা। রিবেইরো বলেন, ‘এজেন্ট সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত নেয় খেলোয়াড়। নেইমার বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।’
তবে বার্সায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানান রিবেইরো। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তাদের সঙ্গে খেলে নেইমার প্রায় সব বড় শিরোপাই জিতেছিলেন।
ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কারটি না পাওয়ার পেছনে রাজনীতির প্রভাব ছিল বলে মনে করেন রিবেইরো। তার দাবি, ‘নেইমার রিয়াল মাদ্রিদে খেললে ব্যালন ডি’অর জিতত। এতে আমার কোনো সন্দেহ নেই।’
২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন নেইমার। এখনো সেটিই ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দলবদল।
