বিদায়ী ম্যাচে যে জার্সিতে খেলবেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আসন্ন এই ম্যাচে বিশেষ জার্সি পরে খেলবেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে জার্সিটি তৈরি করেছে অ্যাডিডাস।
আর্জেন্টিনার চেনা আকাশি-সাদা রঙের সঙ্গে জার্সিটিতে থাকছে সোনালি নকশা। সামনে ও পেছনে থাকছে দেশটির জাতীয় প্রতীক ‘সান অব মে’-এর বিশেষ নকশা। আর বুকের অ্যাডিডাসের লোগোর জায়গায় থাকছে মেসির নিজস্ব লোগো।
জার্সিতে তার নাম ও ১০ নম্বর সোনালি রঙে লেখা হয়েছে। পেছনের নকশায় রাখা হয়েছে মেসির ‘গোট’—সর্বকালের সেরা—হওয়ার প্রতীকী ইঙ্গিত। এই পুরো আয়োজনই মেসির আর্জেন্টিনা-অধ্যায়ের শেষ ম্যাচকে ঘিরে।
৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে ২১ বছরের ক্যারিয়ারে মেসি জিতেছেন কোপা আমেরিকা ও বিশ্বকাপ। এবার সেই অধ্যায়ের শেষ ম্যাচে বিশেষ জার্সিতে দেখা যাবে ৩৯ বছর বয়সী এই তারকাকে।
