মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। ফাইল ছবি
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই গুরুত্বপূর্ণ অংশীদার মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরে দেশ দুটির শীর্ষ নেতাদের ঢাকা সফরের প্রস্তুতি চলছে। বিজয়ের মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানাতে চায় সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
উচ্চপর্যায়ের এ সফরকে কেন্দ্র করে দেশ দুটির সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফোরামে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুনে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এ সফর করেন।
অন্যদিকে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
