২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি : সংগৃহীত
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বরের এ সফরে জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। একই দিনে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা সদরের স্টেডিয়ামে ক্রীড়া উৎসবের আয়োজন করা হচ্ছে। এতে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা প্রদর্শন করা হবে। প্রধানমন্ত্রী উৎসবে উপস্থিত থেকে এসব খেলা উপভোগ করবেন। পরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্রীড়া সচিবের ফোনের মাধ্যমে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ পাওয়া গেছে। তবে এখনো আনুষ্ঠানিক সফরসূচি হাতে আসেনি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রধানমন্ত্রী দেশীয় খেলাধুলাভিত্তিক একটি আয়োজনের উদ্বোধন করবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন। সফরসূচি চূড়ান্ত হলে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় শহরের পুরাতন বাসস্টেশনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য দেন তিনি।
