×

ফুটবল

ব্যালন ডি’অর জয়ের পর ‘স্যার’ উপাধি পেতে পারেন হ্যারি কেইন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম

ব্যালন ডি’অর জয়ের পর ‘স্যার’ উপাধি পেতে পারেন হ্যারি কেইন

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতে ইংলিশ ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন হ্যারি কেইন। দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডে ফিরিয়েছেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এবার তার সামনে ব্রিটেনের অন্যতম সম্মানজনক রাষ্ট্রীয় স্বীকৃতি নাইটহুড পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

ব্যালন ডি’অর জয়ের পর ইংল্যান্ড অধিনায়ককে নাইটহুড দেওয়া হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তার অবদানের ভূয়সী প্রশংসা করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়।

সোমবার (২৬ অক্টোবর) লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে সেরার পুরস্কার পান বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই স্বীকৃতি অর্জন করেন তিনি। এর মধ্য দিয়ে ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতার কীর্তি গড়েন কেইন।

এই ঐতিহাসিক অর্জনের পর মঙ্গলবার (২৭ অক্টোবর) কেইনকে অভিনন্দন জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, ২৫ বছর পর কোনো ইংলিশ ফুটবলারের ব্যালন ডি’অর জয় অসাধারণ অর্জন। বিশেষ করে নিজেদের দেশেই এমন সম্মান পাওয়া ইংলিশ ফুটবলের জন্য গর্বের মুহূর্ত।

মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী হ্যারি কেইনকে ব্যালন ডি’অর জয়ের জন্য অভিনন্দন জানাতে চান। ২৫ বছরের মধ্যে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জয় অসাধারণ অর্জন।’

১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথুস। সেই অর্জনের ৭০ বছর পর কেইনের সাফল্যকে বিশেষভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর মুখপাত্র। তার মতে, ইংল্যান্ডের তরুণ ফুটবলারদের জন্য কেইন অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছেন। দেশজুড়ে তার এই অর্জন নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।

এরপর কেইনকে নাইটহুড দেওয়া হতে পারে কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর মুখপাত্র। সরাসরি কোনো ঘোষণা না দিলেও ইংলিশ ফুটবলে কেইনের অবদানের প্রশংসা করেন তিনি। মুখপাত্র বলেন, ‘ইংলিশ ফুটবলে হ্যারি কেইন যে অসামান্য অবদান রেখেছেন, সে বিষয়ে সবাই একমত হবেন। এটি তার এবং দেশের জন্য বিশেষ একটি মুহূর্ত। তবে সম্মাননা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে আগাম কোনো মন্তব্য করতে চাই না।’

এই বক্তব্যের পরই কেইনের সম্ভাব্য নাইটহুড নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাকে এই সম্মাননা দেওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

নাইটহুড ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা। খেলাধুলা, সাহিত্য, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়। নাইটহুড পেলে পুরুষ সম্মাননাপ্রাপ্ত ব্যক্তির নামের আগে ‘স্যার’ উপাধি যুক্ত হয়। অর্থাৎ সম্মাননাটি পেলে হ্যারি কেইন পরিচিত হবেন ‘স্যার হ্যারি কেইন’ নামে।

তবে ব্রিটিশ রাজকীয় সম্মাননার সঙ্গে কেইনের পরিচয় নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০১৯ সালের নববর্ষের সম্মাননা তালিকায় এমবিই পান তিনি। এবার ব্যালন ডি’অর জয় তার ক্যারিয়ারের অর্জনে নতুন মাত্রা যোগ করেছে।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছেন ৩৩ বছর বয়সী কেইন। এর মধ্যে বায়ার্ন মিউনিখের হয়ে ৬১ এবং ইংল্যান্ডের হয়ে ১২ গোল করেন তিনি। জার্মান ক্লাবটির হয়ে বুন্দেসলিগা, ডিএফবি পোকাল ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপ জেতার পাশাপাশি ইংল্যান্ডকে ২০২৬ বিশ্বকাপে তৃতীয় স্থানে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই স্ট্রাইকার।

ইংল্যান্ডের ইতিহাসে কেইনের আগে ব্যালন ডি’অর জিতেছেন মাত্র চারজন ফুটবলার। তারা হলেন স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান ও মাইকেল ওয়েন। তাদের মধ্যে ম্যাথুস ও চার্লটন নাইটহুড পেয়েছিলেন। তবে কিগান ও ওয়েন এই সম্মাননা পাননি।

সাম্প্রতিক সময়ে ইংলিশ ফুটবলের আরও দুই পরিচিত মুখ নাইটহুড পেয়েছেন। গত বছর সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম ও সাবেক কোচ গ্যারেথ সাউথগেটকে এই সম্মাননা দেওয়া হয়। তবে সাধারণত দীর্ঘদিনের অবদান বিবেচনা করেই এমন স্বীকৃতি দেওয়া হয়। অনেক ফুটবলার আবার অবসরের পর নাইটহুড পেয়ে থাকেন।

ব্রিটেনে নাইটহুডসহ রাষ্ট্রীয় সম্মাননার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন দিতে পারে। সম্মাননা কমিটির মূল্যায়নের পর সুপারিশ প্রধানমন্ত্রীর মাধ্যমে রাজার কাছে পাঠানো হয়। তাই ডাউনিং স্ট্রিটের প্রশংসা কেইনের নাইটহুড নিশ্চিত করছে না। তবে ব্যালন ডি’অর জয়ের পর ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন কেইন। সেই সাফল্যের সুবাদে এবার তার নামের আগে ‘স্যার’ উপাধি যুক্ত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইজিপি হিসেবে আলোচনায় পুলিশের চার কর্মকর্তা কারা?

‘ক্রসফায়ার’ বিতর্ক আইজিপি হিসেবে আলোচনায় পুলিশের চার কর্মকর্তা কারা?

তাহলে কি পদ হারাচ্ছেন আইজিপি?

তাহলে কি পদ হারাচ্ছেন আইজিপি?

দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে

কৃষিমন্ত্রী দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে

স্বাস্থ্য খাতের জনতুষ্টিমূলক কাজের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য খাতের জনতুষ্টিমূলক কাজের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App