×

জাতীয়

তাহলে কি পদ হারাচ্ছেন আইজিপি?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম

তাহলে কি পদ হারাচ্ছেন আইজিপি?

ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পর আইজিপি পদে নতুন কর্মকর্তা নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে। শীর্ষ এই পদের জন্য বিসিএস ১৫তম ব্যাচের চার জ্যেষ্ঠ কর্মকর্তার নাম বিবেচনায় রয়েছে। আলী হোসেন ফকিরও একই ব্যাচের কর্মকর্তা।

এরই মধ্যে জ্যেষ্ঠ চার কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত তথ্য সংবলিত নথি (ফাইল) তলব করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ বিষয়ে অবগত একাধিক সূত্র এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

এই কর্মকর্তারা হলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ এবং ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। প্রথম তিনজন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিসহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। আর পেশাদারত্ব বিবেচনায় আলোচনায় আছেন মোসলেহ উদ্দিন আহমদ।

জাপান সফর শেষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তিনি ফেরার পর আইজিপি পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সূত্র বলছে, নতুন নিয়োগ সম্পূর্ণভাবে সরকারপ্রধানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সেক্ষেত্রে আলোচনায় থাকা চারজনের বাইরে নতুন কোনও নামও সামনে আসতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন, তার অতীত কার্যক্রম এবং দায়িত্ব পালনের সক্ষমতার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হতে পারে।

‘ক্রসফায়ার’ নিয়ে বর্তমান আইজিপির সাম্প্রতিক বক্তব্য ঘিরে রাজনৈতিক ও সরকারি পর্যায়ে প্রকাশ্যেই তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী ওই মন্তব্যকে সরকারের জন্য ‘বিব্রতকর’ হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, দেশে ফেরার পর প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘ঠিক হয়নি’ এবং এ বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে। তার এই বক্তব্যের পর আইজিপি পদে সম্ভাব্য পরিবর্তনের আলোচনা আরও গতি পায়।

আলী হোসেনে ফকিরের সাম্প্রতিক ওই মন্তব্যের পর পুলিশ সদর দফতর থেকে অবশ্য এ নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, ‘রূপক’ অর্থে পুলিশ মহাপরিদর্শক ক্রসফায়ারের কথা বলেছেন। এছাড়া সাংবাদিকরা মাদকের টাকার ভাগ পায়; তার এমন মন্তব্যও ছিল ‘অসাবধানতাবশত’। বিবৃতি দিয়ে এই কর্মকর্তার পক্ষে সাফাই গায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

এ নিয়ে সাবেক পুলিশ প্রধান মুহাম্মদ নূরুল হুদা বলেন, ‘পুলিশ মহাপরিদর্শকের চেয়ারে বসে এমন মন্তব্য পেশাদারিত্বের লঙ্ঘন। বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমাজে এক ধরনের অস্বস্তি আছে। এই প্রেক্ষাপটে আইজিপি এমন মন্তব্য করলে সেটি শুধু সরকারকে বিব্রতই করে না, বাহিনীর পেশাদারত্ব নিয়ে প্রশ্ন উঠারও সুযোগ তৈরি করে দেয়।’

সূত্র: এশিয়া পোস্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইজিপি হিসেবে আলোচনায় পুলিশের চার কর্মকর্তা কারা?

‘ক্রসফায়ার’ বিতর্ক আইজিপি হিসেবে আলোচনায় পুলিশের চার কর্মকর্তা কারা?

তাহলে কি পদ হারাচ্ছেন আইজিপি?

তাহলে কি পদ হারাচ্ছেন আইজিপি?

দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে

কৃষিমন্ত্রী দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে

স্বাস্থ্য খাতের জনতুষ্টিমূলক কাজের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য খাতের জনতুষ্টিমূলক কাজের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App