যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য খাতে অবহেলা, দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দুর্নীতির অভিযোগে শুধু বদলি নয়, প্রমাণ মিললে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় সততা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতি ও ঘুষের কোনো সুযোগ রাখা হবে না। অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে শুধু বদলির মাধ্যমে দায় এড়ানোর সুযোগ থাকবে না; প্রয়োজন হলে চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে।
মন্ত্রী বলেন, চলতি বছর স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যে সরকার একাধিক নতুন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করার পাশাপাশি দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা চলছে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের এবারের বাজেট শুধু অর্থ বরাদ্দের নয়, আদর্শ বাস্তবায়নের বাজেট। প্রতিটি প্রকল্প দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নরসিংদী মেডিকেল কলেজের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে ক্লাস অনুষ্ঠিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের ক্লাস ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা হবে। মেডিকেল কলেজের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজ চলছে এবং দ্রুত নতুন ভবন নির্মাণ শুরু হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, তার একটি নরসিংদীতে স্থাপনের চেষ্টা করা হচ্ছে।
নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তারা এবং নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা।
