×

সরকার

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ছবি: সংগৃহীত

আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পর্যায়ক্রমে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সোমবার (৬ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য জানান।

তিনি বলেন, সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় শুরু হলে এক থেকে দেড় মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি এবং সরকারের পক্ষ থেকেও কমিশনের কাছে কোনো চিঠি আসেনি।

নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে স্থানীয় সরকারের প্রায় সব স্তরের নির্বাচন বাকি রয়েছে। সংবিধান ও আইনের ধারাবাহিকতা বজায় রাখতে পর্যায়ক্রমে এসব নির্বাচন আয়োজন করা হবে। কোন স্তরের নির্বাচন আগে হবে, সে বিষয়ে এখনও কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি আরও জানান, উপজেলা পরিষদ গঠনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের গুরুত্ব রয়েছে। তাই এ দুটি নির্বাচন শেষে উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নির্বাচনের সময় নির্ধারণে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব, বর্ষা মৌসুম, ভৌগোলিক অবস্থা এবং যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে। সবকিছু পর্যালোচনা করেই চূড়ান্ত তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন পর্যায়ক্রমে শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন, বিধিমালা ও আচরণবিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আচরণবিধির খসড়া ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও সাধারণ মানুষের মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধন করা হবে।

সংশোধিত বিধিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাও জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো হবে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হচ্ছে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। পাশাপাশি পোস্টাল ব্যালট ও নির্বাচনী পোস্টার ব্যবহারের ব্যবস্থাও থাকছে না।

বর্তমানে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, প্রাথমিকভাবে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যদের দায়িত্বে নির্বাচন পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ধাপের অভিজ্ঞতা মূল্যায়ন করে পরবর্তী ধাপের নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করা হবে।

তিনি বলেন, অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তুলনামূলক বেশি সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে। এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কমিশন বিশেষ ব্যবস্থা নেবে।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি সংসদে জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জয়কালী মন্দিরে নকল রেফ্রিজারেন্ট গ্যাসসহ আটক ১

জয়কালী মন্দিরে নকল রেফ্রিজারেন্ট গ্যাসসহ আটক ১

থানচি ভ্রমণে যে কারণে বিরত থাকতে বলছে প্রশাসন

থানচি ভ্রমণে যে কারণে বিরত থাকতে বলছে প্রশাসন

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

স্থানীয় সরকারমন্ত্রী গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

নানা কর্মসূচির মধ্য দিয়ে গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার

নানা কর্মসূচির মধ্য দিয়ে গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার মুরাদনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App