ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জামায়াতের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এ দাবি জানানো হয় দলের পক্ষ থেকে। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, 'সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। জাতীয় নির্বাচনেও তাদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাহলে স্থানীয় নির্বাচনে তাদের অংশ নিতে না দেওয়াটা দ্বিচারিতা।'
মিয়া গোলাম পরওয়ার বলেন, 'দেশের নাগরিক হিসেবে তাদের রাজনীতি করার এবং নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে।'
তিনি বলেন, আমরা ইসিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পূর্বের সিদ্ধান্ত বহলের দাবি জানিয়েছি। ইসি বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছে।
আরো পড়ুন: জামায়াতের সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক
ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মো. সামসুল আলমের নিয়োগ বাতিল চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশনের মতো জায়গায় সামসুল আলমের নিয়োগ পরবর্তী নির্বাচনগুলোকে প্রভাবিত করবে।
এর আগে, সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
