ধর্মমন্ত্রী
এইচএসসির ফল খারাপ হলে এমপিও বন্ধের সুপারিশ
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা)
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
সরকারের কাছ থেকে বেতন-ভাতাসহ নানা সুযোগ-সুবিধা নিয়েও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খারাপ ফল করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
কুমিল্লার মুরাদনগরে সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল টানা দুই বা তিনবার খারাপ হলে ওই প্রতিষ্ঠানের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বন্ধের সুপারিশ করা হবে। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) দুপুরে মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, শিক্ষার মান কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না। সরকার থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খারাপ ফল করবে, তা মেনে নেওয়া যায় না। যেসব প্রতিষ্ঠানের ফলাফল ধারাবাহিকভাবে খারাপ হবে, সেগুলোর এমপিও বন্ধের জন্য সুপারিশ করা হবে।
অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, প্রতিবন্ধী ভাতা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুদের ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার কাজ চলছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে ও সহকারী শিক্ষক শারমিন ফাতেমা।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার ওসি মো. সফিউল আলম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্যসচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও আব্দুল আজিজ মোল্লা, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
