শ্রমিক আন্দোলন
গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: সংগৃহীত
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগত ও অপরাধ চক্রের সদস্যদের তৎপরতা ঠেকাতে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করেছে উপজেলা প্রশাসন। ভাড়াটিয়াদের বাসায় পরিবারের সদস্যদের বাইরে কোনো বহিরাগত ব্যক্তি বা অপরাধ চক্রের সদস্য অবস্থান করলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিলে অথবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে দ্রুত কালিয়াকৈর থানা কিংবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে।
এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ ধরনের পরিস্থিতি থেকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য
গণবিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করে বাড়ির মালিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘শ্রমিকদের মধ্যে বহিরাগতরা প্রবেশ করে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ চলছে। বিশেষ করে কালিয়াকৈর উপজেলায় এ আন্দোলনের প্রভাব বেশি পড়েছে।
