×

খুলনা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য

ছবি: ভোরের কাগজ

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা প্রাকৃতিকভাবেই নদী ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন বেষ্টিত। এর পূর্বে বলেশ্বর, পশ্চিমে ভোলা নদী এবং দক্ষিণ-পূর্বে সুন্দরবন ও বঙ্গোপসাগর। নদী-তীরবর্তী এই উপজেলার প্রায় ৮৫ শতাংশ মানুষের প্রধান জীবিকা নদী, সাগর ও সুন্দরবনে মাছ ধরা। উল্লেখ্য, দেশের সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের প্রায় ৯০ শতাংশ এলাকা অভয়ারণ্যের আওতাভুক্ত।

তবে সুন্দরবনে মাছ আহরণকারী জেলেদের মাঝে কিছু অসাধু ব্যক্তি অল্প সময়ে বেশি লাভের আশায় খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে। এই অপতৎপরতার ফলে খালের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ও উদ্ভিদ ধ্বংসের মুখে পড়ছে। জোয়ারের সময় খালের এই বিষাক্ত পানি নদী ও সুন্দরবনের গহীনে প্রবেশ করায় সুন্দরী গাছসহ অন্যান্য বৃক্ষের শ্বাসমূলে  ক্ষতিকর প্রভাব পড়ছে। একইসঙ্গে এই বিষাক্ত পানি পান করে বনের বাঘ, হরিণসহ বন্যপ্রাণীরা অসুস্থ হয়ে পড়ছে, যার ফলে সুন্দরবনের সামগ্রিক বাস্তুতন্ত্র  আজ চরম বিপর্যয়ের মুখোমুখি।

স্থানীয় জেলে মোঃ সোহেল জানান, সুন্দরবনে এখন আর আগের মতো মাছ মেলে না। বিষ দিয়ে মাছ মারার কারণে বহু দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এছাড়া বিষমিশ্রিত পানিতে নেমে মাছ ধরতে গিয়ে জেলেদের শরীরে নানা ধরনের চর্মরোগসহ শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ জেলেদের মাঝে সঠিক সচেতনতা বাড়াতে পারলে এই ক্ষতিকর চর্চা অনেকটাই বন্ধ করা সম্ভব।

বিষযুক্ত মাছের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে শরণখোলা উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন, "বিষ প্রয়োগ করে ধরা মাছ মানুষ বা অন্যান্য প্রাণী খেলে লিভার ও কিডনি অকেজো হওয়াসহ নানা প্রাণঘাতী ও দীর্ঘমেয়াদী জটিল রোগ সৃষ্টি হতে পারে।"

শরণখোলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস জানান, সাম্প্রতিক তথ্য অনুযায়ী সুন্দরবনে প্রায় ৩৮২ প্রজাতির মাছের অস্তিত্ব রয়েছে। তবে নির্বিচারে বিষ প্রয়োগের কারণে অনেক ঐতিহ্যবাহী মাছের প্রজাতি এখন তীব্র সংকটে। বিগত পাঁচ বছরে নদী-খালে বিষ ব্যবহারের মাত্রা বেড়ে যাওয়ায় মাছের প্রাপ্যতা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম জানান, শরণখোলা রেঞ্জে দেশের সবচেয়ে বড় অভয়ারণ্য অবস্থিত। যেসব নদী ও খালে মাছ ধরার বৈধ অনুমতি রয়েছে, সেখানে যাতে কেউ বিষ প্রয়োগ না করতে পারে সে লক্ষ্যে নিয়মিত তদারকি ও সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে। অবৈধ প্রক্রিয়ায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

এদিকে সুন্দরবনের খাল ও নদীতে জেলেদের বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করতে এবং ক্ষতিকর কার্যক্রম প্রতিহত করতে উত্তরণ ফিশনেট প্রকল্পের মাধ্যমে অবৈধ, অপ্রতিবেদিত ও অনিয়ন্ত্রিত (IUU) ফিশিং বিষয়ে জেলেদের মাঝে নিয়মিত সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষার্থে চিংড়ির পোনা (রেণু) ধরা থেকে বিরত রাখতে জেলেদের বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য চিরতরে রক্ষা করা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৫৭

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৫৭

ফের বাড়ল এলপিজির দাম

ফের বাড়ল এলপিজির দাম

গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

শ্রমিক আন্দোলন গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App