ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
আঁচল রায়। ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।
মারা যাওয়া ডা. আঁচল রায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। নোয়াখালী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা এই চিকিৎসক ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে মারা যান ডা. আঁচল রায়।
আরও পড়ুন: হামলা-ভাঙচুর-লুটপাট-জবরদখল নিয়ে যা বলল টিআইবি
তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ডা. আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারাল। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
