সিন্ধু পানি চুক্তি নিয়ে হুমকি
এবার যুক্তরাষ্ট্রের মাটিতে পাকিস্তানকে কড়া জবাব ভারতের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:১১ পিএম
ছবি: সংগৃহীত
সিন্ধু পানি চুক্তি ঘিরে ভারত-পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের শীর্ষ নেতাদের হুমকিমূলক বক্তব্যের জবাবে এবার যুক্তরাষ্ট্রের মাটিতে কঠোর অবস্থান তুলে ধরেছেন দেশটিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা। তিনি দাবি করেছেন, সিন্ধু পানি চুক্তির মূল চেতনা বহু আগেই পাকিস্তান নিজের কর্মকাণ্ডের মাধ্যমে নষ্ট করেছে এবং বর্তমান পরিস্থিতির জন্য ইসলামাবাদকেই দায় নিতে হবে। খবর এই সময়
ভারতিয় গণমাধ্যম এই সময়ে প্রকাশিত এক প্রতিবেদনে বিনয় কোয়াত্রা বলেন, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ভারত ও পাকিস্তানের পারস্পরিক সদিচ্ছা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছিল। কিন্তু গত কয়েক দশকে পাকিস্তানের বিভিন্ন পদক্ষেপ সেই আস্থার ভিত্তিকে দুর্বল করে দিয়েছে।
তার অভিযোগ, পানি ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভারত একাধিকবার চুক্তি পুনর্বিবেচনা বা আধুনিকায়নের উদ্যোগ নিলেও পাকিস্তান ধারাবাহিকভাবে তাতে বাধা দিয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংঘাতে ইরানে ২,৫০০-এর বেশি শিশু হতাহত
সম্প্রতি পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক সতর্ক করে বলেন, ভারত যদি পাকিস্তানের পানিপ্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে ‘সেই হাত কেটে দেওয়া হবে’। একই ইস্যুতে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোও ভারতকে পারমাণবিক হামলার হুমকি দেন।

এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় বিনয় কোয়াত্রা বলেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ বা সংঘাতের হুমকি দেওয়া পাকিস্তানের পুরোনো রাজনৈতিক কৌশলের অংশ। তার মতে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫
রাষ্ট্রদূত আরও বলেন, সন্ত্রাসবাদ ও দ্বিপক্ষীয় আলোচনা একসঙ্গে চলতে পারে না ভারতের এই অবস্থান বহু আগেই স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিষয় ছাড়া ইসলামাবাদের সঙ্গে অন্য কোনো ইস্যুতে আলোচনার সুযোগ নেই বলেও ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী রাভি, বিয়াস ও শতদ্রু নদীর পানি ব্যবহারের অধিকার ভারতের, আর সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর অধিকাংশ পানি ব্যবহারের অধিকার পাকিস্তানের। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত চুক্তি স্থগিতের ঘোষণা দিলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
