‘বয়ফ্রেন্ডের’ আড়ালে ভয়ংকর ফাঁদ, পুলিশের সতর্কতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
মানুষের জীবনে একাকিত্ব দূর করতে কিংবা অবসর সময় কাটাতে বন্ধুত্বের গুরুত্ব অনেক। আর মানুষের এই আবেগ ও দুর্বলতাকে কাজে লাগিয়েই প্রতারণার নতুন কৌশল তৈরি করছে চক্রগুলো। সোশ্যাল মিডিয়ায় ‘ভাড়ায় বয়ফ্রেন্ড’ দেওয়ার চটকদার বিজ্ঞাপনও তেমনই একটি ফাঁদ বলে সতর্ক করেছে ভারতের হায়দরাবাদ পুলিশ।
সম্প্রতি হায়দরাবাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে ‘Rent a Boyfriend’ নামে এমন বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে। আকর্ষণীয় তরুণের ছবি ব্যবহার করে কয়েক ঘণ্টা, কফি ডেট কিংবা পুরো দিনের জন্য সঙ্গী ভাড়া দেওয়ার কথা বলা হচ্ছে। কম খরচে এই সেবা পাওয়ার সুযোগ দেখিয়ে আগ্রহীদের যোগাযোগে উৎসাহিত করা হচ্ছে।
Instagram, Facebook ও Telegram-এর মতো প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এসব বিজ্ঞাপন প্রথম দেখায় আকর্ষণীয় মনে হলেও, এর আড়ালে থাকতে পারে সাইবার প্রতারণার বড় ফাঁদ। পুলিশ বলছে, বিজ্ঞাপনে দেওয়া নম্বর বা অ্যাকাউন্টে কেউ যোগাযোগ করলেই শুরু হতে পারে প্রতারণার মূল পর্ব।
প্রথমে বুকিং ফি বা অগ্রিম টাকা চাওয়া হতে পারে। এরপর নিরাপত্তা জামানত, ভেরিফিকেশন ফি কিংবা অন্য কোনো অজুহাতে আরও অর্থ দাবি করা হয়। একবার টাকা দেওয়ার পর নতুন নতুন কারণ দেখিয়ে বারবার অর্থ চাওয়া হতে পারে। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা বা কোনো সেবা না পেয়েই প্রতারণার শিকার হতে পারেন ভুক্তভোগী।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
তবে বিপদ শুধু অর্থ হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। যোগাযোগের সময় প্রতারকেরা ফোন নম্বর, ছবি, ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। পরে এসব তথ্য ব্যবহার করে হয়রানি, ভয় দেখানো বা ব্ল্যাকমেইলের চেষ্টা করা হতে পারে।
পুলিশ আরও জানিয়েছে, বিজ্ঞাপনে ব্যবহৃত আকর্ষণীয় তরুণের ছবিও সবসময় সত্যিকারের নাও হতে পারে। অন্য ব্যক্তির ছবি চুরি করে ব্যবহার করার পাশাপাশি প্রযুক্তির সাহায্যে ভুয়া ছবি তৈরি করেও প্রতারণার চেষ্টা করা হতে পারে। ফলে শুধু ছবি বা চটকদার বিজ্ঞাপন দেখে কাউকে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ।
হায়দরাবাদ পুলিশের পরামর্শ, সোশ্যাল মিডিয়ায় ‘ভাড়ায় বয়ফ্রেন্ড’ বা এ ধরনের কোনো বিজ্ঞাপন দেখলে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের আগে সতর্ক হতে হবে। কোনো ধরনের অগ্রিম অর্থ বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে বিজ্ঞাপনদাতা ও তার পরিচয় যাচাই করা জরুরি।
একাকিত্ব দূর করার সুযোগের নামে দেওয়া এমন প্রলোভনে তাড়াহুড়ো করে সাড়া দিলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। তাই সোশ্যাল মিডিয়ার চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
সূত্র: এইসময়
