ইরান থেকে তেল আমদানি বন্ধ করেনি দক্ষিণ কোরিয়া
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ১১:০১ এএম
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রাখার পর দক্ষিণ কোরিয়া ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে বলে সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছে সিউল। তেহরানে অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাস শনিবার এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছে। টুইটে বলা হয়েছে, ইরান থেকে তেল আমদানি বন্ধ করেনি দক্ষিণ কোরিয়া।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে দাবি করে, দক্ষিণ কোরিয়া গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। খবরে দাবি করা হয়, দক্ষিণ কোরিয়া চলতি জুলাই মাসে আমদানির জন্য ইরান থেকে কোনো তেল বা তেলজাত পণ্য ট্যাংকারে উঠাবে না। মার্কিন সরকার গত মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে এক তরফাভাবে বেরিয়ে যাওয়ার পর ইরানের কাছ থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করে দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেন, তার দেশের তেল উৎপাদন ও রপ্তানির পরিমাণ আগের মতোই অব্যাহত রয়েছে। আমেরিকার নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেয়ার জন্য ইরান প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করেছে বলেও জানান তিনি।
