এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এ রুটিন প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের সাপ্লিমেন্টারি পরীক্ষা। পরদিন ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
অন্যান্য বিষয়ের পরীক্ষাও প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আগামী ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। একই সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।
প্রতিদিন দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।
এর আগে গত ৫ নভেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়, যা শেষ হয় ৯ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে চার লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে।
বিষয়ভিত্তিক ফরম পূরণের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে ইংরেজি। এ বিষয়ে পুনঃপরীক্ষা দিতে ফরম পূরণ করেছে ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৩৮ হাজার ৫১৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে।
অন্যদিকে, তৃতীয় অবস্থানে থাকা রসায়ন বিষয়ে ফরম পূরণ করেছে ২৭ হাজার ৪৬৬ জন। এ তিনটি বিষয়ের বাইরে আরও কয়েকটি বিষয়ে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী পুনঃপরীক্ষার জন্য ফরম পূরণ করেছে।
প্রকাশিত পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন দেখতে এখানে ক্লিক করুন।
