আমি আবারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবো : বাইডেন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১০:১৯ এএম
নির্বাচনে জয়ে আশাবাদী প্রেসিডেন্ট জো বাইডেন।
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচন থেকে সরে যেতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর এক রকমের চাপ ছিল। তবে সেই চাপ দূরে ঠেলে বাইডেন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন নির্বাচনে তিনি থাকছেন। এ নির্বাচনে তিনি জয়ের ব্যাপারেরও বেশ আশাবাদী। বাইডেন বলেন, ‘আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমি লড়ছি এবং এজন্য আমিই সেরা যোগ্য ব্যক্তি।’
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একথা বলেছেন। এসময় তিনি তার রাজনৈতিক জীবন, প্রেসিডেন্টের দায়িত্বকাল, দ্বিতীয় দফায় নির্বাচনে প্রার্থী হওয়াসহ দেশ-বিদেশের নানা বিষয় নিয়ে কথা বলেন।
বিশেষ করে বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ৮১ বছর বয়সী বাইডেনের ওপর চাপ বাড়ছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা ইতিমধ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে পরামর্শ দিয়েছেন।
আরো পড়ুন : এবার বাইডেনকে খেলার চ্যালেঞ্জ ট্রাম্পের
এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ডেট্রয়েটে দেয়া বক্তব্যে ট্রাম্পকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করেন বাইডেন। ট্রাম্প একজন নারীকে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
জনসভায় উপস্থিত সবার উদ্দেশে বাইডেন বলেন, আপনাদের মতো ১ কোটি ৪০ লাখ ডেমোক্রেট প্রাইমারিতে আমাকে ভোট দিয়েছেন। আপনারাই আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ না। প্রেস নয়, পণ্ডিত নয়, অভ্যন্তরীণ কোনো শক্তি নয়, দাতারা নয়... আপনারা ভোটাররা সিদ্ধান্ত দিয়েছেন, অন্য কেউ নয়, আর আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না।
প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বেশ কিছু কথা বলেন বাইডেন। নানা প্রসঙ্গে ট্রাম্পকে নিয়ে কথা বলেন তিনি। বাইডেন ট্রাম্পকে দণ্ডপ্রাপ্ত অপরাধী বলেও আখ্যায়িত করেন। ডোনাল্ড ট্রাম্প দেউলিয়া হওয়ার জন্য ৬ বার ফাইল করেছিলেন বলেও উল্লেখ করেন বাইডেন।
