ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় জানা গেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১১:৫৪ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় জানা গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তার পরিচয় শনাক্ত করেছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওই বন্দুকধারীর বয়স ২০ বছর। তিনি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তবে এর বেশিকিছু এখন পর্যন্ত জানানো হয়নি।
দেশটির স্থানীয় সময় শনিবার নির্বাচনী প্রচারকালে হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। এই হামলার পর একজন হামলাকারী দেশটির সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে। সেইসঙ্গে আরো একজন দর্শক নিহত হয়েছেন।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, গুলিতে আমার ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।’
এছাড়া রিপাবলিকান এই প্রার্থী তার নির্বাচনী প্রচারে গুলিতে হতাহতের পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন। একইসঙ্গে পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এ রকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন।’
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, তিনি সমাবেশে বাইরে ছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট কী বলছিলেন সেটিই কেবল শুনতে পারছিলেন। তখনি ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে। আমরা লক্ষ্য করি যে আমাদের পাশের ভবনের ছাদে অগ্রসর হচ্ছে, ৫০ ফুট দূরে ছিল আমাদের। তার কাছে একটা রাইফেল ছিল, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে একটা রাইফেল ছিল।
ওই প্রত্যক্ষদর্শী আরো বলেন, আমি ভাবছিলাম ট্রাম্প কেন এখনো বক্তব্য দিয়েই যাচ্ছেন। তাকে কেন স্টেজ থেকে নামানো হচ্ছে না। তার দিকে দৃষ্টি দিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম। এরপর পাঁচটি গুলির শব্দ। তবে বিবিসি প্রত্যক্ষদর্শীর এই বর্ণনা পুরোপুরি যাচাই করে দেখতে পারেনি।
