অবরোধ না তুললে আলোচনায় বসবে না ইরান, অনমনীয় ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় সংলাপের তোড়জোড় চললেও পাল্টাপাল্টি অবস্থানে অনড় যুক্তরাষ্ট্র ও ইরান। বুধবার (২২ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় জানিয়েছেন, নৌ অবরোধ তুলে নেওয়া হলে ইরানের সঙ্গে কোনো কার্যকর চুক্তি করা সম্ভব হবে না। অন্যদিকে ইরান স্পষ্ট করেছে, অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা হবে না।
ট্রাম্প তার বার্তায় দাবি করেন, ইরান প্রকৃতপক্ষে হরমুজ প্রণালি বন্ধ করতে চায় না, বরং এটি খোলা রেখে প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলার আয় করতে চায়। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে, ‘অবরোধের মুখে তারা কেবল “সম্মান রক্ষা” করতে প্রণালি বন্ধের হুমকি দিচ্ছে। এখন আমরা যদি নৌ অবরোধ তুলে নিই, তবে কোনো চুক্তি আদায় করা সম্ভব হবে না।’
একই দিনে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সায়্যিদ ইরভানি দেশটির এসএনএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পদক্ষেপকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। অবরোধ উঠলেই কেবল ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনায় বসা সম্ভব।’
গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা সংঘাতে দুই দেশই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি জানিয়েছেন, ১০ এপ্রিল পর্যন্ত মার্কিন ও ইসরায়েলি হামলায় মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও দীর্ঘমেয়াদি সমাধানে এখনো কোনো ঐকমত্য হয়নি।
