পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষায় অনড় ইরান: মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
ইমাম সায়্যেদ মোজতবা খামেনি। ছবি- তাসনিম নিউজ এজেন্সি
ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিসহ সব কৌশলগত সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা সায়্যেদ মোজতবা খামেনি। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অর্জনগুলোকে সীমান্তের মতোই সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেন।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মোজতবা খামেনি তার বার্তায় ন্যানো, বায়ো ও প্রতিরক্ষা প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ৯ কোটি ইরানি জনগণ এসব অর্জনকে জাতীয় সম্পদ মনে করে এবং যেকোনো মূল্যে তা রক্ষা করবে। একই সঙ্গে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করে এই জলপথে শত্রুদের অপব্যবহার বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি।
হরমুজ প্রণালির কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে খামেনি দাবি করেন, ঐতিহাসিকভাবে ইউরোপীয় ও মার্কিন শক্তিগুলো এই অঞ্চলে হস্তক্ষেপ করে অস্থিরতা তৈরি করেছে। পারস্য উপসাগরের দীর্ঘতম উপকূলের মালিক হিসেবে ইরান তার স্বাধীনতা রক্ষায় পর্তুগিজ, ডাচ ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস বহন করছে।
বক্তব্যের শেষাংশে তিনি পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন ভবিষ্যতের কথা উল্লেখ করেন। খামেনি জানান, এ অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে একটি নতুন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে। তার মতে, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং এই অঞ্চলে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।
