হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, হামাসকে ‘প্রকৃত অর্থে’ নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের শেষ দিকে হামাস যে ১৫ দফা নথিতে সম্মতি জানিয়েছিল, সেটি প্রসঙ্গে নেতানিয়াহু জানান, ইসরায়েল ওই নথি প্রত্যাখ্যান করেছে।
মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, হামাসকে ‘সত্যিকার অর্থে’ নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনীর কোনো সেনা প্রত্যাহার করা হবে না। একই সঙ্গে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করতে পারে- এমন কর্মকাণ্ড প্রতিহত করাও অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির সর্বশেষ ধাপ হিসেবে ওই ১৫ দফা নথি সামনে আসে। যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি।
পরিকল্পনা অনুযায়ী, হামাস তাদের অস্ত্র একটি নতুন গঠিত ফিলিস্তিনি শাসক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। একই সঙ্গে হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করে ইসরায়েলও ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।
তবে ইসরায়েল এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে হামাসের অস্ত্রভাণ্ডার সম্পূর্ণ ধ্বংস করার দাবিও জানিয়েছে দেশটি।
নেতানিয়াহু বলেন, পরিকল্পনাটি নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং নিজেদের আপত্তিগুলোও জানানো হয়েছে। কিছু প্রস্তাব ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু বিষয় গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি। নিজেদের অবস্থান ধরে রাখার সক্ষমতা ইসরায়েলের রয়েছে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।
তিনি আরও বলেন, হামাসকে তাদের সব অস্ত্র ত্যাগ করতে হবে। তবে ‘বোর্ড অব পিস’-এর সদস্যদের মতে, হামাসকে পুরোপুরি নিরস্ত্র করার লক্ষ্য বাস্তবে অর্জন করা কঠিন হতে পারে।
নেতানিয়াহু বলেন, ‘আমরা প্রকৃত নিরস্ত্রীকরণের কথা বলছি, কাল্পনিক কোনো নিরস্ত্রীকরণের কথা নয়।’
