আবাসিক হোটেলে আগুন, নিহত ৬
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে একটি পাঁচতলা আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) ভোরে বীরভূম জেলার তারাপীঠ থানার অদূরে পুকুরপাড়ে অবস্থিত ‘বিদেশিনী’ হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে হোটেলের নিচের অংশে আগুনের সূত্রপাত হয়। হোটেল কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুৎ সরবরাহের এনসিবি ফেটে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই তা হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ অতিথি ঘুমে থাকায় পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। নিচতলার একাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি পুরো ভবনে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন অতিথি ওপরের তলায় আটকা পড়েন।
খবর পেয়ে তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর কক্ষগুলোতে তল্লাশি চালিয়ে আটকে পড়া অতিথিদের উদ্ধার করা হয় এবং দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
হোটেল মালিক কল্যাণ পাল দাবি করে বলেন, ‘আগুন লাগার পর রাতপাহারার কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে হোটেলের সাজসজ্জায় ব্যবহৃত ফাইবারজাতীয় সামগ্রীতে আগুন ধরে যাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে।’
আরো পড়ুন: ইরানে পরমাণু হামলা নিয়ে আলোচনা চলমান
ধোঁয়ায় পুরো ভবন ঢেকে যাওয়ায় আতঙ্কিত আবাসিকরা রিসেপশনের দিকে বের হওয়ার চেষ্টা করলে অনেকে আগুনের সংস্পর্শে এসে দগ্ধ হন বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের সময় পরিবারের সঙ্গে ওই হোটেলে ছিলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা তপনজ্যোতি মণ্ডল। তার স্ত্রী ও দুই সন্তানও বিপদের মুখে পড়েন। তিনি জানান, ‘আগুন দেখতে পেয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। জানলা না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘক্ষণ ঘরের ভেতরে আটকে ছিলেন। পরে শৌচাগারের ওপরের ফাঁকা অংশ দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত পুলিশ দরজা ভেঙে তাদের উদ্ধার করে। তার মা ও বোনও আহত হয়েছেন বলে জানান তিনি।’
শ্রাবণ মাস উপলক্ষে তারাপীঠে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক পুণ্যার্থী এসেছিলেন। মালদহ, আলিপুরদুয়ারসহ বিভিন্ন এলাকা থেকে আসা পুণ্যার্থীদের অনেকে ওই হোটেলে অবস্থান করছিলেন।
পুলিশ ও দমকল বাহিনীর তৎপরতায় আরও বড় বিপদ এড়ানো গেলেও প্রাণহানির ঘটনায় তারাপীঠে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
