হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম
ফাইল ছবি
হাম ও হামের উপসর্গে রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তদের অধিকাংশই শিশু। সঠিক সময়ে টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ওপর জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে শুধু ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। এ সময়ে ঢাকা বিভাগেই নিশ্চিত হামে আরও একজনের প্রাণহানি হয়েছে। সব মিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে মোট ২১ হাজার ৬২৩ জনের হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
