সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম
ছবি : সংগৃহীত
সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি অস্থায়ী স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র ও যুদ্ধের বিভিন্ন অবশিষ্টাংশ অন্যত্র সরিয়ে নেওয়ার আগে সাময়িকভাবে ওই স্থানে রাখা হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।
আরও পড়ুন: সার আছে গুদামে, কৃষক ছুটছেন কালোবাজারে!
বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট পাঠানো হয়। তবে সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকায় আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হয়। কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণস্থল থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।
প্রাথমিক বিস্ফোরণের কারণ কী, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে আকস্মিক বিস্ফোরণ ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় পাঁচজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন।
