পশ্চিম এশিয়ার যুদ্ধ আন্তর্জাতিক স্বার্থের পক্ষে নয়: শি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
পশ্চিম এশিয়ায় ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত শির বক্তব্য অনুযায়ী, পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্রিকসের অন্য সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন।
শি জিনপিং বলেন, চলমান যুদ্ধ ওই অঞ্চলের মানুষের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ বয়ে আনছে। একই সঙ্গে এ সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ব্রিকস সদস্যদের সব ধরনের ‘সুরক্ষাবাদ’ বা প্রোটেকশনিজমের বিরোধিতা করার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থাকে সমর্থন করতে হবে এবং যেকোনো ধরনের সুরক্ষাবাদ প্রত্যাখ্যান করা উচিত।
এ ছাড়া সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করতে ব্রিকসের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
সাত বছর পর ভারত সফরে যাওয়া শি জিনপিং ব্রিকস দেশগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা আরও জোরদারের প্রস্তাব দেন। একই সঙ্গে এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন শিল্পায়নের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শাস্তিমূলক শুল্কের প্রসঙ্গ তুলে ধরে শি ব্রিকস দেশগুলোকে একতরফাভাবে বা ইচ্ছামতো শুল্ক আরোপের বিরোধিতা করার আহ্বান জানান।
শনিবার দুপুরে নয়াদিল্লির ভারত মণ্ডপম সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ব্রিকস সম্মেলন ২০২৬-এ যোগ দেন শি। সম্মেলনের বর্তমান সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে তাকে স্বাগত জানান।
সম্মেলনের ফাঁকে শনিবার সন্ধ্যায় শি জিনপিং ও নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
