ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম
ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে মার্কিন সেনা রেখে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরের সময় আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
এ সময় ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির প্রসঙ্গ তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান থেকে বের হয়ে আসবে। তবে সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো ইরানের তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হবে।
চলতি বছরের মধ্যেই ইরানের যুদ্ধ শেষ হবে বলে নিজের প্রত্যাশার কথা আবারও জানান ট্রাম্প। তবে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধের অবসান হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, ইরান শান্তি আলোচনার জন্য নিয়মিত যোগাযোগ করছে। যদিও তেহরান এর আগে এমন দাবি প্রত্যাখ্যান করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি শুধু একটি ‘সঠিক চুক্তি’ করতে চান। কোনো ‘খারাপ চুক্তিতে’ তিনি সম্মত হবেন না বলেও জানান।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার খবর প্রকাশের পর সোমবার বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রজুড়েও জ্বালানির বাড়তি দাম নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
তবে এ বিষয়ে আশ্বস্ত করে ট্রাম্প বলেন, ইরানের যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম ‘পাথরের মতো দ্রুত’ কমে যাবে।
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির উদাহরণ টেনে ট্রাম্প আরও দাবি করেন, দেশটি থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে যুদ্ধের খরচ ‘অনেকবার’ মেটানো হয়ে গেছে।
