বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৬ জেলায় অ্যালার্ট জারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর গতকাল (২৩ সেপ্টেম্বর) রাতে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় কলকাতাসহ পশ্চিমবঙ্গের ছয় জেলায় কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
এদিকে, পশ্চিমবঙ্গ ছাড়া অরেঞ্জ অ্যালার্টের আওতায় পড়া বাকি জেলাগুলো হলো- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা।
আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, নিম্নচাপটি বর্তমানে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও এর আশপাশের দক্ষিণ ওড়িশা এলাকায় অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টা এটি শক্তি ধরে রাখতে পারে। এই সময়ের মধ্যেই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
বৃহস্পতিবার কলকাতাসহ পশ্চিমবঙ্গের ছয় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার তীব্রতাও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এমন পরিস্থিতির আশঙ্কায় ছয় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার রাতভর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও এসব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
