×

আন্তর্জাতিক

৬টির বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম

৬টির বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী

ছবি : সংগৃহীত

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে ছয়টির বেশি দেশ যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (২ অক্টোবর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। এর কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই।

তবে জোটে যোগ দিতে আগ্রহী দেশগুলোর নাম প্রকাশ করেননি ইসহাক দার।

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। পরবর্তী সময়ে এটি ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পরিচিতি পায়। চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে এর তুলনা করা হচ্ছে।

ইয়েমেনের হুথিদের সৌদি আরববিরোধী হামলা শুরুর কয়েক সপ্তাহ আগে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ইসহাক দার জানান, গত ৩১ আগস্ট মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জোটের সদর দপ্তর সৌদি আরবে স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে জোটের প্রথম মহাসচিব হিসেবে মনোনীত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নওমান মাহমুদকে একজন দক্ষ ও ধার্মিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক

মক্কা চুক্তির আওতায় আগামী সপ্তাহে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান ইসহাক দার। সৌদি আরবের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করাই হবে ওই বৈঠকের প্রধান উদ্দেশ্য।

তার দাবি, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ১৭ থেকে ১৮টি হামলার মুখোমুখি হয়েছে। তিনি বলেন, সৌদি আরবকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের দায়বদ্ধতা রয়েছে।

ইসহাক দারের ভাষ্য, এ ধরনের প্রতিরক্ষা জোটকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুমতি জাতিসংঘ সনদেও রয়েছে। ন্যাটোও একই ধরনের নীতির ভিত্তিতে পরিচালিত হয় বলে তিনি মন্তব্য করেন।

এ ছাড়া মক্কা চুক্তির কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির পূর্ণাঙ্গ বৈঠক শিগগির রিয়াদে অনুষ্ঠিত হবে। বৈঠকে সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও মাঠপর্যায়ের বাস্তবতা পর্যালোচনা করা হবে। সেখানে নেওয়া সিদ্ধান্ত পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

হরমুজ প্রণালি নিয়ে ইসহাক দারের বক্তব্য

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও কথা বলেন ইসহাক দার। তাঁর মতে, এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো ফি বা সার্ভিস চার্জ আরোপ করা উচিত নয়।

তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি—দুজনই বিষয়টির একটি সমাধান চান। তবে একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ নিজেদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আফগানিস্তানকে পাকিস্তানের বার্তা

আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়েও বক্তব্য দেন ইসহাক দার। তিনি বলেন, প্রতিবেশী দেশটির জন্য পাকিস্তানের শুভকামনা রয়েছে। তবে আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে কাবুলকে।

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং পাকিস্তানের ভাষায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে -এমন প্রমাণ আফগানিস্তানকে দিতে হবে বলেও জানান তিনি।

ইসহাক দার আরও বলেন, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত অক্টোবর থেকে বন্ধ রয়েছে। এর ফলে ফসল নষ্ট হওয়ার বিষয়টি পাকিস্তান অবগত রয়েছে বলেও জানান তিনি।

সূত্র: জিও নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা

৬টির বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী

৬টির বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী

শাহজালালে যাত্রী হয়রানি, সমস্যার শিকড় কোথায়?

শাহজালালে যাত্রী হয়রানি, সমস্যার শিকড় কোথায়?

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App