দনবাস ছেড়ে ইউক্রেইনকে নেটো সদস্য হওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: সংগৃহীত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যে নতুন এক প্রস্তাব সামনে এসেছে। ইউক্রেনের দনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার বিনিময়ে দেশটিকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন পক্ষ থেকে আলোচনায় প্রথমবারের মতো এমন প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, মার্কিন প্রতিনিধিরা প্রশ্ন তুলেছেন, ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তাহলে দেশটি দনবাস অঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে কি না। তাঁর ভাষ্য অনুযায়ী, আলোচনায় এবারই প্রথম এমন প্রশ্ন সামনে এসেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা চলছে। এরই অংশ হিসেবে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ ভূখণ্ডের ভবিষ্যৎ এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। দনবাসের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
দনবাস অঞ্চলটি ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত। এর অন্তর্ভুক্ত দুটি প্রধান অঞ্চল হলো দোনেৎস্ক ও লুহানস্ক। ২০১৪ সাল থেকেই এসব অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে রাশিয়া। ওই বছর রাশিয়ার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় সংঘাত শুরু করে। পরবর্তী সময়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে মস্কো।
যুদ্ধের ধারাবাহিকতায় দনবাসের বড় একটি অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। তবে পুরো অঞ্চলটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। অঞ্চলটির বাকি অংশের নিয়ন্ত্রণ ধরে রাখা ইউক্রেনের জন্য সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
জেলেনস্কি জানিয়েছেন, ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য নতুন হামলা থেকে দেশকে সুরক্ষিত রাখতে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা আদায়ের চেষ্টা করছে কিয়েভ। তাঁর মতে, শুধু যুদ্ধবিরতি বা কোনো সমঝোতা যথেষ্ট নয়; ভবিষ্যতে রাশিয়া আবার হামলা চালালে ইউক্রেনের পাশে দাঁড়ানোর কার্যকর নিশ্চয়তাও থাকতে হবে।
দনবাস থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রস্তাবের বিষয়ে ইউক্রেনের অবস্থান কী হবে, সে সিদ্ধান্ত এককভাবে নেবেন না বলেও জানিয়েছেন জেলেনস্কি। এ ক্ষেত্রে দেশের জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘নিরাপত্তা নিশ্চয়তা পেলে আমি ইউক্রেনের জনগণের কাছে জানতে চাইব, তারা কী ভাবছেন এবং আমরা এই প্রস্তাব গ্রহণ করব কি না। এ বিষয়ে আমার এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই।’
তবে প্রস্তাবটি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। দনবাসের ভবিষ্যৎ, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ এবং যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তার বিষয়গুলো শেষ পর্যন্ত কীভাবে সমাধান হয়, তার ওপরই চলমান আলোচনার অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে।
