ব্যবসায়ীকে আটকে ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
বাবুল হোসেন। ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যবসায়ীকে মারধর করা হয়। পরে বাড়ি থেকে লোক মারফত তিন লাখ টাকা এনে দিতে বাধ্য করা হয়। এ ছাড়া আরও এক লাখ টাকা দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার রাতে ব্যবসায়ী আব্দুল কাদের বাদী হয়ে ছাত্রদল নেতা বাবুল হোসেন, সাব্বির হোসেনসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, কর্মী জাহিদুল ইসলাম ও সুজন মিয়া এবং বিএনপি নেতা আফসার আলী, রফিক সরকার, আস্তুল আলী, রুবেল হোসেন ও জোবায়ের হোসেন। অভিযোগে তাঁদের সবাইকে জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের অনুসারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চামটা বিলের একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন ছাত্রদল নেতা বাবুল হোসেন। মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় প্রায় তিন লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ব্যবসায়ী আব্দুল কাদেরের অভিযোগ, প্রশাসনকে তথ্য দিয়ে অভিযানে সহযোগিতা করার সন্দেহে বাড়ি ফেরার পথে তাঁকে তুলে নিয়ে বিলে আটকে রাখেন বাবুল ও তাঁর অনুসারীরা। সেখানে জাল নষ্টের ক্ষতিপূরণ হিসেবে তাঁর কাছে ১২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং তাঁকে মারধর করা হয়।
আব্দুল কাদের বলেন, পরে তাঁকে পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত তিন লাখ টাকা আনতে বাধ্য করা হয়। ওই টাকা আফসার আলী গ্রহণ করেন। বিষয়টি প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আফসার আলী বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’
ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, ‘প্রশাসনকে খবর দেওয়ার বিষয়ে তাঁকে সন্দেহ করা হয়েছিল। জড়িত না থাকায় আত্মীয়স্বজন এসে তাঁকে নিয়ে গেছেন। মারধর বা টাকা লেনদেনের অভিযোগ সঠিক নয়।’
এ বিষয়ে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ঘটনাটি বিব্রতকর। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
