সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
ফাইল ছবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতর থেকে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির একটি টহল দল তাঁকে আটক করে।
তাৎক্ষণিকভাবে আটক বিএসএফ সদস্যের নাম ও পদবি জানা যায়নি। তাঁর বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাঁকে আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপি ক্যাম্পে রাখা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও জব্দ করে ক্যাম্পে রাখা হয়েছে।
এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
