সংসদে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সব সংসদ সদস্যকে নিয়মিত সংসদে উপস্থিত থাকার পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দেশের বাইরে অবস্থানরত সংসদ সদস্যদেরও দ্রুত দেশে ফিরে অধিবেশনে যোগ দিতে বলা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এক অফিস আদেশে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান।
ওই আদেশে দেশের বাইরে অবস্থানরত সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে। শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসার সময় নির্ধারণ করা হয়। পরে তা পাঁচ মিনিট কমিয়ে বিকাল ৪টা ১৫ মিনিট করা হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর কাছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া তৃতীয় অধিবেশনের পর জারি হওয়া তিনটি অধ্যাদেশ চলতি অধিবেশনে উপস্থাপনের কথা রয়েছে।
