লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, আশ্রয়হীন হওয়ার ঝুঁকিতে ২০ বাংলাদেশি
জরুরি হস্তক্ষেপ চেয়ে প্রতিমন্ত্রীর কাছে আবেদন
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
বৈধভাবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে লাওসে গিয়ে কোম্পানি খুঁজে না পাওয়া এবং চরম মানবিক সংকটে পড়েছেন ২০ বাংলাদেশি কর্মী।
তাঁদের অভিযোগ, বিদেশে পাঠানোর আগে রেস্টুরেন্টে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও লাওসে পৌঁছানোর পর আড়াই মাসের বেশি সময় ধরে তাঁদের কোনো কাজ দেওয়া হয়নি। বর্তমানে তাঁরা খাদ্য, অর্থ ও আবাসন সংকটে রয়েছেন। বাড়িভাড়া পরিশোধ করতে না পারায় আজ, ২৩ নভেম্বর, তাঁদের বাসা থেকে বের করে দেওয়ার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এই ঘটনায় জরুরি হস্তক্ষেপ, কর্মীদের নিরাপত্তা, খাদ্য ও আবাসন নিশ্চিত করা এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বাংলাদেশ।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, মেসার্স T.K Enterprise (RL-1527) লাওসের SOUTHERMANY SOLE CO. LTD.-এর নামে ৩০ জন কর্মীর চাহিদাপত্র সংগ্রহ করে। পরবর্তীতে মেসার্স T.K Enterprise (RL-1527) ও Shining Overseas (RL-2716) এবং মধ্যস্থতাকারী কার্তিক খান্নার মাধ্যমে বিএমইটির ছাড়পত্র নিয়ে ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন সময়ে কর্মীদের লাওসে পাঠানো হয়।
কর্মীদের লাওসের ‘রেডিশন রেস্টুরেন্টে’ কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে তাঁরা জানান। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর কোম্পানি ও কাজ না পেয়ে তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েন। তাঁদের অভিযোগ, লাওসে থাকা বাংলাদেশি প্রতিনিধি সৈকত তাঁদের রাজধানী ভিয়েনতিয়েনের পার্শ্ববর্তী একটি বাসায় রেখে চলে যান। এরপর দীর্ঘ সময় ধরে তাঁদের কর্মসংস্থান, ভরণপোষণ ও নিরাপদ আবাসনের কোনো কার্যকর ব্যবস্থা করা হয়নি।
বর্তমানে কর্মীরা চরম অর্থ ও খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন। তাঁদের আশ্রয়ের জন্য ব্যবহৃত বাসার ভাড়া পরিশোধ না করায় বাড়ির মালিক আজই তাঁদের বাসা ছাড়ার চূড়ান্ত নোটিশ দিয়েছেন। ফলে বিদেশের মাটিতে আজ রাত থেকেই তাঁদের আশ্রয়হীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্মসংস্থানের আশায় বিদেশে যাওয়া এই মানুষগুলো এখন নিরাপদ আশ্রয়, খাবার ও দেশে ফেরার নিশ্চয়তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, বাংলাদেশে অবস্থানরত মধ্যস্থতাকারী ও রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের জানানো হয়, সংশ্লিষ্ট এজেন্সি অর্থ পরিশোধ না করায় কর্মীদের কাজ দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি কাজ পেতে তাঁদের নতুন করে অর্থ দিতে বলা হচ্ছে। বিদেশে কর্মসংস্থানের জন্য ইতোমধ্যে প্রত্যেক কর্মী প্রায় ৬ লাখ টাকা ব্যয় করেছেন বলে তাঁরা জানিয়েছেন। নতুন করে অর্থ প্রদানের চাপ তাঁদের সংকট আরও গভীর করেছে।
কর্মসংস্থান ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়ায় কিছু কর্মী বাধ্য হয়ে অনিরাপদ ও অনিয়মিতভাবে কাজ খোঁজার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এতে তাঁরা স্থানীয় আইনগত জটিলতা, শোষণ এবং পুনরায় মানবপাচারের ঝুঁকিতে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছে অনির্বাণ।
অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের সভাপতি মো. আল-আমিন নয়ন বলেন, মানুষ জীবিকার আশায় বৈধ প্রক্রিয়ায় বিদেশে যান। কিন্তু কর্মস্থলে পৌঁছে যদি কাজ বা কোম্পানি না পান, খাবার ও থাকার জায়গা হারানোর ভয় থাকে, তাহলে তাঁদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? বিদেশে কর্মসংস্থানের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তাঁদের এমন অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, এই কর্মীদের অবিলম্বে নিরাপত্তা, খাবার ও আবাসন নিশ্চিত করা হোক এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে অনির্বাণ জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা দায়িত্বপ্রাপ্ত মিশনের মাধ্যমে ভুক্তভোগীদের বর্তমান অবস্থা যাচাই, নিরাপদ আবাসন ও খাদ্য সহায়তা নিশ্চিত করা এবং প্রতিশ্রুত কর্মসংস্থান বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে।
একই সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব না হলে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং অভিবাসন ব্যয় বাবদ প্রত্যেকের প্রদত্ত ৬ লাখ টাকা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও দায়ীদের কাছ থেকে আদায় করে ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
আবেদনে T.K Enterprise (RL-1527), Shining Overseas (RL-2716) এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
অনির্বাণের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার ব্যক্তিদের দ্রুত সুরক্ষা দেওয়া শুধু মানবিক দায়িত্ব নয় বরং নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অসাধু নিয়োগকারী ও মধ্যস্থতাকারীদের জবাবদিহির আওতায় আনার জন্যও জরুরি।
