নওগাঁ
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, বিপাকে নিম্ন আয়ের মানুষ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
কয়েক দিনের নিম্নচাপের প্রভাবে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় গত শুক্রবার সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও সঙ্গে হালকা ঠান্ডা বাতাসের কারণে গতকাল সোমবার রাতেও বৃষ্টি এবং আকাশ মেষলা অব্যাহত থাকায় জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে।
বিশেষ করে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, নির্মাণশ্রমিক ও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীরা। একই সঙ্গে জলাবদ্ধতায় ইরি ধানের বীজতলা, সরিষা, ভুট্টা ও আলুসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
ও বৃষ্টির কারণে অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। ভেজা রাস্তায় যানবাহন পথচারীদের চলাচলেও ভোগান্তি হচ্ছে। দিনমজুরদের অনেকে কাজের সন্ধানে বের হতে পারছেন না, আবার কেউ কেউ জীবিকার তাগিদে বৃষ্টির মধ্যেই কাজে যাচ্ছেন। সকাল ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি তুলনামূলক বেশি পেয়েছে।
উপজেলার ভবানীপুর গ্রামের ভ্যানচালক মুকুল হোসেন বলেন, মানুষজন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে আমরা ঠিকমতো যাত্রী পাচ্ছি না সারাদিন ভ্যান চালিয়েও আশানুরূপ আয় হচ্ছে না। আগে প্রতিদিন ৫ থেকে ৬০০ টাকা ইনকাম হলেও এখন তার অর্ধেক ইনকাম করা সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
রায়পুরে গ্রামের দিনমজুর রুস্তম আলী বলেন, গত কয়েক দিনের বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারিনি। জানি না, আর কতদিন এমন আবহাওয়া থাকবে। কাজ করতে না পারলে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে।
মাগুরা পাড়া গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, আমি দুই বিঘা জমিতে ভুট্টা ও তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। হঠাৎ বৃষ্টির কারণে আমার জমিতে পানি জমে রয়েছে। এর মধ্যে আবারও বৃষ্টি হলে আবাদ করা ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে সরিষার ক্ষতির সম্ভাবনা বেশি। এতে আমাদের মতো কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন। তিনি আরও বলেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতা অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আলুচাষিরা। জমিতে পানি জমে থাকায় আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। যারা ইতোমধ্যে আলু রোপণ করেছেন, আবহাওয়া এমন থাকলে তাদের জমির আলু পচে ব্যাপক ক্ষতি হতে পারে।
এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম বলেন, চলমান বৃষ্টিপাতের কারণে সরিষা ও আলু ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে সরিষার ও আলুর পাশাপাশি অন্যান্য ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
