×

জামায়াত

বিরোধীদলীয় নেতা

রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে

ছবি : সংগৃহীত

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের এবং জনগণের স্বার্থে ভালো উদ্যোগে জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করবে। একই সঙ্গে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলটি অবস্থান নেবে। তবে এ অবস্থান হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। রাজপথের আন্দোলনও অহিংস রাখার পক্ষে জামায়াত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ এবং সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের ভূমিকা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সংকট তৈরি হতে পারে বলে মত দিয়েছেন জামায়াতের আমির।

বৈঠকে গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান আরও স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। তাদের মতে, জুলাই সনদের আলোকে অনুষ্ঠিত গণভোটের রায় নিয়ে কোনো রাজনৈতিক দলের ভিন্নমত থাকলে তা জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিত। একই সঙ্গে দলগুলো গণভোটের রায় মেনে নেবে কি না, সেটিও স্পষ্ট করা প্রয়োজন।

মতবিনিময়ে দেশের চলমান বিভিন্ন সমস্যাও আলোচনায় আসে। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, জনদুর্ভোগ, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

গোলাম পরওয়ার জানান, সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমত গঠন ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় ইলেকট্রনিক গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন জামায়াতের আমির।

তিনি বলেন, সংবাদ পরিবেশন গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে। জামায়াতের ভুল-ত্রুটি খোলামেলাভাবে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির।

বৈঠকে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তারা চাকরির নিরাপত্তাসহ গণমাধ্যমকর্মীদের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে ইলেকট্রনিক গণমাধ্যমে বেতন কাঠামো, ওয়েজ বোর্ড এবং কাঠামোগত সুযোগ-সুবিধার ঘাটতির বিষয়টি আলোচনায় আসে।

গোলাম পরওয়ার বলেন, এসব সমস্যা যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের সামনে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব বিষয়ে জামায়াত কার্যকর ভূমিকা রাখবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা, সম্পাদক, হেড অব নিউজ ও প্রধান বার্তা সম্পাদকরা অংশ নেন।

এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

টানা ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

গ্যাস সংকটে বন্ধ ৪০০ পোশাক কারখানা

গ্যাস সংকটে বন্ধ ৪০০ পোশাক কারখানা

বিএনপির ‘বট বাহিনী’ ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী

বিএনপির ‘বট বাহিনী’ ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App