আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম
ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কেউ কেউ এখনো আশকারা পাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে ক্ষমতা ছাড়তে পারেনি। প্রতিবারই দলটিকে লাঞ্ছনা ও অপমানের মধ্য দিয়ে বিদায় নিতে হয়েছে। কেউ আবার একই পথে হাঁটতে চাইলে তাদের পরিণতিও একই রকম হবে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, তারা ন্যায়বিচার চান। অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, কারও একটি পশম ধরে টান দেওয়াও তারা সমর্থন করেন না। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে প্রত্যেক অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার। কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে বাংলাদেশকে ইজারা দেব না। আমরা আমাদের বাংলাদেশকে দেখে-শুনে রাখব, পাহারা দিয়ে রাখব।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, জীবন একটাই, আর সেই জীবন আল্লাহ ও মানবতার জন্য উৎসর্গ করতে তারা প্রস্তুত। জামায়াতের যেসব নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের পা কিংবা ঠোঁট কাঁপেনি বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, ওই নেতারা বিশ্বাস করতেন, তাদের ওপর অন্যায় করা হয়েছে এবং শহীদ হয়ে তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন।
শফিকুর রহমানের দাবি, জামায়াতের অনেক সহকর্মী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। তাদের কারও কারও কবর এখনো পরিবারের সদস্যরা খুঁজে পাননি। অনেক মা-বাবা আজও জানেন না, তাদের সন্তান বেঁচে আছেন নাকি মারা গেছেন। মারা গিয়ে থাকলে কোথায় তাদের কবর, সেই তথ্যও তারা জানেন না।
আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, মানুষ হত্যা যদি রাজনীতির সংজ্ঞা হয়, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। কিন্তু রাজনীতি যদি মানুষের কল্যাণে দেশ গঠন, উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার নাম হয়, তাহলে দলটি সেই যোগ্যতা রাখে না।
এ কারণে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
