×

ভারত

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

ছবি : সংগৃহীত

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বুধবারের মধ্যে ভারতের উপকূলে আঘাত হানতে পারে—এমন আশঙ্কায় অন্ধ্রপ্রদেশের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ভারতের আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, উপকূলে আঘাত হানার সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার হতে পারে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) প্রকাশিত বুলেটিনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বুলেটিনে বলা হয়েছে, উপকূলে আঘাত হানার সময় ‘অর্ণব’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে খড়ের ছাউনি দেওয়া ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হতে পারে। এ ছাড়া স্থানীয়ভাবে বন্যা, বিদ্যুৎ ও যোগাযোগের খুঁটি উপড়ে পড়া এবং মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ঘূর্ণিঝড়ের গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার তাঁর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ৪ হাজার ৭০০-এর বেশি অন্তঃসত্ত্বা নারীকে নিরাপদ স্থানে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কায় স্কুল বন্ধ, সতর্ক সেনাবাহিনী

ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় প্রতিবেশী শ্রীলঙ্কাতেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।

কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় দেশটির সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়ের গতিপথ ও সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণ করছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির প্রভাবে বেড়িবাঁধের জমি দখল করে ‘বসতি বাণিজ্য’

হাতিয়া বিএনপির প্রভাবে বেড়িবাঁধের জমি দখল করে ‘বসতি বাণিজ্য’

মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন

মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন

প্লাস্টিক পণ্যের দাপট, টিকে থাকার লাড়াইয়ে বাঁশ পণ্যের কুটিরশিল্প

চরফ্যাশন প্লাস্টিক পণ্যের দাপট, টিকে থাকার লাড়াইয়ে বাঁশ পণ্যের কুটিরশিল্প

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App