×

জামায়াত

‘পর্দার আড়ালে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কী হচ্ছে, জাতি জানতে চায়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

‘পর্দার আড়ালে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কী হচ্ছে, জাতি জানতে চায়’

ফাইল ছবি

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংসদে এ বিষয়ে দেওয়া নোটিশের জবাব না পেলে জনগণের কাছে বিষয়গুলো তুলে ধরার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন জামায়াত আমির।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে শফিকুর রহমান বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। আমাদের স্পষ্ট কথা, আমরা জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় ইতোমধ্যে নোটিশ দিয়েছি। যদি নোটিশের বিষয়গুলোয় সংসদে আমরা জবাব না পাই, তাহলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে।’

এ লক্ষ্যে দলের দায়িত্বশীলদের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে দেশ ও জাতির সেবায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সংসদে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, তারা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে দলের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের আত্মত্যাগ এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন সময়ের অপরিহার্য দাবি। এ দাবিতে জামায়াতের অবস্থান অটুট থাকবে।

দেশের সাম্প্রতিক নানা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, এসব ঘটনায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে জামায়াত আমির বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। জামায়াতও বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এসব মোকাবিলায় দলের প্রতিটি দায়িত্বশীলকে স্বচ্ছতা, জবাবদিহি ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সাংগঠনিক কর্মকাণ্ডে নৈতিকতা, আদর্শ এবং দ্বীনি মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে।

এ বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে দলের ২০২৭ সালের বার্ষিক পরিকল্পনা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

‘পর্দার আড়ালে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কী হচ্ছে, জাতি জানতে চায়’

‘পর্দার আড়ালে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কী হচ্ছে, জাতি জানতে চায়’

নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন

নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন

‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’

আদালতে ইমরান খানের আবেদন ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App