নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
ফাইল ছবি
হলিউডের জনপ্রিয় চরিত্র জেমস বন্ডের অপেক্ষার অবসান হলো। নতুন ০০৭ হিসেবে পর্দায় দেখা যাবে ‘টোয়াইলাইট’ ও ‘দ্য ব্যাটম্যান’খ্যাত ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে জেমস বন্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
এর মধ্য দিয়ে ২০২১ সালে চরিত্রটি থেকে বিদায় নেওয়া ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন এই অভিনেতা। জেমস বন্ড চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় ধরে চলা এবং ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজি। ১৯৬২ সালে ‘ডক্টর নো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করে এই সিরিজ। এতে প্রথমবার এজেন্ট ০০৭-এর চরিত্রে অভিনয় করেন শন কনারি।
এরপর কয়েক দশকে বিশ্বজুড়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে গুপ্তচর চরিত্রটি। এখন পর্যন্ত বন্ড সিরিজের সিনেমাগুলো থেকে বিশ্বব্যাপী আয় হয়েছে ৭ বিলিয়ন ডলারের বেশি। আভিজাত্যপূর্ণ পোশাক, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর মার্টিনি পানের বিশেষ ভঙ্গি ‘নেড়ে নয়, ঝাঁকিয়ে’ এসব বৈশিষ্ট্যের জন্য পরিচিত জেমস বন্ড। এবার সেই পরিচিত চরিত্রে নতুন মাত্রা যোগ করবেন প্যাটিনসন।
অন্যদিকে, অভিনয়জীবনে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্যাটিনসন। ‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পর ‘দ্য ব্যাটম্যান’-এর মতো বড় ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছেন তিনি। বাণিজ্যিকভাবে সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি বড় বাজেটের চলচ্চিত্রে দর্শক টানার সক্ষমতাও রয়েছে তার।
এ বছরের সিনেমার তালিকাতেও রয়েছে প্যাটিনসনের নাম। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ এবং ‘প্রাইমটাইম’ সিনেমায় দেখা গেছে তাকে। সব মিলিয়ে নতুন জেমস বন্ড হিসেবে তাকে বেছে নেওয়ার মধ্য দিয়ে পরিচিত ও বক্স অফিসে সফল একজন তারকাকেই সামনে আনল প্রযোজনা প্রতিষ্ঠান।
