×

জাতীয়

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

ফাইল ছবি

বাংলাদেশকে আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রকল্প বাস্তবায়নে মার্কিন অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এসব খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং বিনিয়োগের ঝুঁকি কমাতেও সহায়তা করতে পারবে সংস্থাটি।

সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় ডিএফসি।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিপুল চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বাড়াতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিএফসির অর্থায়ন এবং বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধা কাজে লাগিয়ে অর্থের অভাব বা উচ্চ ঝুঁকির কারণে আটকে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এ উদ্যোগের ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংস্থাটি।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পথও সুগম হবে। গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন হলো দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি। এই লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে দুই দেশের সমৃদ্ধি আরও বাড়বে।

ডিএফসি জানায়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থানও এ অঞ্চলে। ফলে এখানে কৌশলগত মার্কিন বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক উপস্থিতি বাড়ানো এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন

নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন

‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’

আদালতে ইমরান খানের আবেদন ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময়

করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App