×

খুলনা

রাশিয়ায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুষ্টিয়ার অনিক

Icon

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

রাশিয়ায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুষ্টিয়ার অনিক

ছবি : সংগৃহীত

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কুষ্টিয়ার মেধাবী তরুণ অনিক বিশ্বাস (২৭)। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে নিচে পড়ে মৃত্যুর পর প্রায় দেড় মাস পর তার মরদেহ কফিনবন্দী অবস্থায় নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে।

অনিক কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের সওড়াতলা গ্রামের কৃষক মানোয়ার বিশ্বাসের ছেলে। তিনি রাশিয়ার চেলিয়াবিনস্কে অবস্থিত সাউথ ইউরাল স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা ভবন থেকে নিচে পড়ে অনিকের মৃত্যু হয়। তবে তিনি কীভাবে নিচে পড়েছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। দীর্ঘ আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে এক মাস ১২ দিন পর রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শেষবারের মতো অনিককে দেখতে ভিড় করেন প্রতিবেশী ও এলাকাবাসী।

বাদ জোহর সওড়াতলা জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিহতের চাচা মুফতি আলী হোসেন ফারকী জানান, অনিক ছোটবেলা থেকেই মেধাবী ও ভদ্র স্বভাবের ছিলেন। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করার পর প্রায় আড়াই বছর আগে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় যান। তার মা আগেই মারা গেছেন। পরিবারে বাবা ও বড় ভাই রয়েছেন।

আইলচারা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম জানান, জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ বলেন, ঘটনাটি তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App